দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিললেও চূড়ান্ত সমঝোতা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘তাড়াহুড়া’ করবে না।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ ‘পূর্ণ শক্তিতে’ বহাল থাকবে।
তিনি বলেন, ‘আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগোচ্ছে। আমি আমার প্রতিনিধিদের জানিয়েছি, কোনো চুক্তির জন্য তাড়াহুড়া না করতে। সময় আমাদের পক্ষেই আছে। উভয় পক্ষকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোনো ভুলের সুযোগ নেই।’
ট্রাম্প আরও বলেন, ইরানকে অবশ্যই বুঝতে হবে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি কিংবা সংগ্রহ করতে পারবে না।
এর আগে শনিবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা ‘অনেকটাই চূড়ান্ত’ হয়েছে এবং হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হবে। এতে কয়েক মাস ধরে চলা উত্তেজনা ও সংঘাত নিরসনের সম্ভাবনা তৈরি হয়েছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য চুক্তিটি দুই ধাপে বাস্তবায়িত হতে পারে।
প্রথম ধাপে ইরান হরমুজ প্রণালিতে যুদ্ধপূর্ব পরিস্থিতি পুনর্বহাল করবে এবং সেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করার নিশ্চয়তা দেবে। এর বিনিময়ে দেশটিকে আবার জ্বালানি ও তেল রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে।
দ্বিতীয় ধাপে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিস্তৃত ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা চলবে বলে জানা গেছে।
সূত্র: সিএনএন
এমএস/